বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে জাহাঙ্গীর হোসেনের যোগদান

চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন। গত ১৪ নভেম্বর তিনি বেইজিং দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে গত ৭ নভেম্বর তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সরদার এম জাহাঙ্গীর হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চায়না) হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দলীয়ভাবে কাজ করার নির্দেশনা পেয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন। তবে পরবর্তীতে দলের বৃহত্তর স্বার্থে ও সিদ্ধান্তে তা প্রত্যাহার করে নেন।

তিনি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল’-এর অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়নরত আছেন। ইতোপূর্বে চীন সরকার কর্তৃক আয়োজিত লিডারশিপ প্রোগ্রামে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের ৬২টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং সনদসহ বিশেষ পুরস্কার লাভ করেন।

বেইজিং দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে যোগদানের পর সরদার এম জাহাঙ্গীর হোসেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।